আদ্-দ্বীন ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তন, পদত্যাগ করলেন নির্বাহী পরিচালক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোচনা ও সরকারি পদক্ষেপের মধ্যেই আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তারs স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জামালুন্নেসা। মঙ্গলবার (১৬ জুন) ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

একই বিজ্ঞপ্তিতে আদ্-দ্বীন কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক শিশু মৃত্যুর ঘটনায় তারা দেশের মানুষের মতোই গভীরভাবে শোকাহত। প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তদারকি জোরদার এবং বিদ্যমান চিকিৎসা প্রটোকল পুনর্মূল্যায়নের কাজও শুরু হয়েছে।

 

ঘটনাটির প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়, সরকারের দিকনির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আলো, বাতাস ও অক্সিজেন প্রবাহ নিশ্চিত করতে তিনজন স্বতন্ত্র পরামর্শকের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সংস্কারকাজ চলছে। একই সঙ্গে করপোরেট অফিসের ওপরের বেকারিটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

 

প্রতিষ্ঠানটির ভাষ্য, “শিশু মৃত্যুজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের মানুষের সঙ্গে আমরাও গভীরভাবে শোকাহত। দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

 

নতুন নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। সম্প্রতি তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। ১৯৮৮ সালে একই বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

 

আদ্-দ্বীন ফাউন্ডেশন জানিয়েছে, ১৯৮০ সাল থেকে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে তারা স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে তাদের অধীনে রয়েছে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, একটি কলেজিয়েট স্কুল এবং ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শুধু মগবাজারের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালেই গত ২৯ বছরে ১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ২৯১ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। ১১ জুন ২০২৬ পর্যন্ত প্রতিদিন বহির্বিভাগে প্রায় দুই হাজার রোগী সেবা পেয়েছেন। এ প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি ১ হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী যুক্ত রয়েছেন এবং মেডিকেল কলেজটিতে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

 

সংবাদ বিজ্ঞপ্তির শেষাংশে আদ্-দ্বীন ফাউন্ডেশন বলেছে, “রোগীর চিকিৎসার ক্ষেত্রে মানসম্মত স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ অঙ্গীকারাবদ্ধ।”