নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ছয় শিশুর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই হাসপাতালটির বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় নরসিংদীর মনোহরদী উপজেলার প্রধান ঈদগাহ ‘মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়’ মাঠে ঈদের নামাজ আদায় করেন মন্ত্রী। নামাজ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজকের এই খুশির দিনে একটি বেদনার খবর হলো আদ-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে শিশু মৃত্যুর ঘটনা। যতটুকু জানা গেছে, এক মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডটির এসি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটতে পারে, যা অত্যন্ত বেদনাদায়ক। আমি অন্য একটি হাসপাতাল পরিদর্শনের সময় এই মর্মান্তিক খবরটি পাই এবং সাথে সাথেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিই।’
তিনি আরও বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে হাসপাতালটির বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে আজকের এই ঈদের দিনেও চিকিৎসাধীন বাকি রোগীদের স্বার্থে সব ধরনের জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।’
দেশে হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা যদি হামকে সফলভাবে মোকাবিলা করতে না পারতাম, তাহলে হয়তো হাজারও শিশু মারা যেতো। বর্তমানে আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে টিকা রয়েছে এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হবে। ইতিমধ্যে সরকারের তৎপরতায় হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটা কমে এসেছে। হামে আক্রান্ত রোগীদের সংস্পর্শ থেকে সুস্থ বাচ্চাদের দূরে রাখা সম্ভব হলে আশা করছি, ঈদের পরপরই আক্রান্তের সংখ্যা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে।’











