নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে। শনিবার (৩ মে) সন্ধ্যায় জারি করা এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩,৫৭০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা। এই নতুন দাম রবিবার (৪ মে) থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে, যার ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৩০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ২৩ এপ্রিল বাজুস স্বর্ণের দাম ভরিতে ৫,৩৪২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছিল। চলতি বছরে এ নিয়ে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ১৯ বার দাম বাড়ানো এবং ৮ বার দাম কমানো হয়েছে।











