অনলাইন ডেস্ক:
আর্সেনালের সঙ্গে মিকেল আর্তেতার চুক্তির মেয়াদ শেষের পথে হলেও ক্লাব ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন স্প্যানিশ এই কোচ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৪৪ বছর বয়সী আর্তেতা বলেছেন, তিনি আর্সেনালে ভালো আছেন এবং এখানেই থাকতে চান। নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে তাড়াহুড়ো নেই বলেও জানিয়েছেন তিনি।
আর্সেনালের সঙ্গে আর্তেতার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত। অর্থাৎ আগামী মৌসুম শেষেই তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। এ অবস্থায় তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হলেও বিষয়টি নিয়ে সমর্থকদের উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিয়েছেন তিনি।
চুক্তি নবায়নের প্রক্রিয়া আগেই সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হলেও গ্রীষ্মের দলবদলে বেশি মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দুই পক্ষ। তবে চুক্তির বিষয়টি নিয়ে কোনো সমস্যা দেখছেন না আর্তেতা।
“এসব নিয়ে তাদের (সমর্থকদের) দুশ্চিন্তা করার দরকার নেই, কারণ আমি এখানে থাকতে চাই। এখানে আমি খুব খুশি। এখানে যাদের সঙ্গে আমি কাজ করি, তাদের সঙ্গে করতে পেরে আমি কৃতজ্ঞ এবং সময়-সুযোগ হলেই আমরা এটা (চুক্তির কাজ) সেরে ফেলব,” বলেন তিনি।
২০১৯ সালের ডিসেম্বরে আর্সেনালের দায়িত্ব নেন আর্তেতা। তখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল উত্তর লন্ডনের ক্লাবটি। ধীরে ধীরে দলকে গুছিয়ে তোলেন তিনি। তার অধীনে আর্সেনালের পারফরম্যান্সে ধারাবাহিক উন্নতি আসে এবং দলটি আবারও ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ে নিজেদের অবস্থান শক্ত করে।
প্রিমিয়ার লিগে টানা তিনবার রানার্সআপ হওয়ার পর গত মৌসুমে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে। ২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জেতে আর্সেনাল। ক্লাবটির হয়ে আর্তেতার বড় সাফল্যের তালিকায় রয়েছে এফএ কাপ ও দুটি কমিউনিটি শিল্ডও। গত মৌসুমে তার দল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও ওঠে।
আর্সেনালের দায়িত্ব নেওয়ার পর ৩৫২ ম্যাচে দলটির কোচ হিসেবে কাজ করেছেন আর্তেতা। প্রতি ম্যাচে তার গড় পয়েন্ট দুইয়ের বেশি।
তবে সাম্প্রতিক সময়ে তার খেলার ধরন নিয়ে সমালোচনাও হয়েছে। গত মৌসুমে আর্সেনাল সেট-পিস নির্ভরতা এবং শক্তিশালী রক্ষণভাগের ওপর বেশি ভর করে সাফল্য পেয়েছে বলে সমালোচনা ছিল। শেষ পর্যন্ত অবশ্য কাঙ্ক্ষিত ফল এনে দিতে সক্ষম হন আর্তেতা।
এখন তার সামনে নতুন মৌসুমের শুরু। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হিসেবে রোববার (১৬ আগস্ট) কমিউনিটি শিল্ডে মাঠে নামবে আর্সেনাল। প্রতিপক্ষ এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
ম্যাচের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে আর্তেতা আরও বলেন, “আমার মতে, সবসময়ই কোনো একটা বিষয়ের অগ্রাধিকার থাকে! এবং সেভাবেই আমরা এই বিষয়টা দেখছি, আমার তেমনটাই মনে হয়। কারণ সবাই বেশ স্বস্তিতে আছে, চুক্তির সময় নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না।”
নিজের অবস্থান পরিষ্কার করে শেষবারের মতোও তিনি আর্সেনালেই থাকার ইচ্ছার কথা জানিয়েছেন।
“আমার ইচ্ছা নিশ্চিতভাবেই এখানে থাকা এবং এখানে আমি খুব ভালো আছি। আমার মনে হয়, ক্লাবের ভাবনাও একইরকম। তাই কেউই বিষয়টা নিয়ে তাড়াহুড়ো করছে না।”











