অনলাইন ডেস্ক:
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে রাতে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। জানা গেছে, রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, শহরটিতে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। ওডেসায় ৮ জন এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রো শহরে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই হামলা প্রমাণ করে রাশিয়ার ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা শিথিল করা উচিত নয়। তিনি বলেন, ‘রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখতে হবে এবং ইউক্রেনকে সহায়তার প্রতিশ্রুতি সময়মতো বাস্তবায়ন জরুরি।’
রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, তারা ৩১টি ক্ষেপণাস্ত্র ও ৬৩৬টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করেছে। তবে ১২টি ক্ষেপণাস্ত্র ও ২০টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানে।











