অনলাইন ডেস্ক:
ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছানো ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল এখন টলিউডেও সুপারহিট। দেবের সঙ্গে জুটি বেঁধে করা ‘খাদান’ সিনেমাও ব্লকবাস্টার হয়েছে। ছোট পর্দা থেকে বড় পর্দায় যাত্রা শুরু করে একের পর এক সিনেমায় কাজ করে চলেছেন ইধিকা।
জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ইধিকার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল তৈরি হয়েছে ভক্তমহলে। সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে, তিনি টলিউডের খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন।
সম্প্রতি তথাগত এবং ইধিকা হিমাচলের ছিটকুলে একসঙ্গে সময় কাটিয়েছেন বলে জানা গেছে। তাদের সঙ্গে কিছু বন্ধু-বান্ধবও ছিলেন। পাহাড়ের বিভিন্ন মুহূর্তে তাদের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই গুঞ্জনের সূত্রপাত। নেটিজেনদের প্রশ্ন, ইধিকা কি তথাগত ঘোষের সঙ্গে প্রেম করছেন?
তথাগত ঘোষের নাম এর আগে টলিউডের বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে। তার সঙ্গে অনুষা বিশ্বনাথন এবং প্রিয়াঙ্কা সরকারের সম্পর্ক নিয়েও গুঞ্জন শোনা গেছে। তবে সেসব বিষয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি তথাগত।
নিজের প্রেমজীবন নিয়ে এখনও মুখ খোলেননি ইধিকা পাল। ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে তিনি বরাবরই সংযত থাকেন। তবে তার এবং তথাগত ঘোষের ছবি ঘিরে তৈরি হওয়া গুঞ্জন ভক্তদের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে।
ইধিকা অভিনীত সাম্প্রতিক কাজের মতো তার ব্যক্তিগত জীবনও এখন আলোচনার কেন্দ্রে। তিনি কি তথাগত ঘোষের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন, নাকি এটি শুধুই গুঞ্জন—এ নিয়ে সবার নজর এখন তার দিকে।











