ইরানে শিয়া মাজারে হামলা, তিনজনকে মৃত্যুদণ্ড, আরও কয়েকজনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক:

ইরানের শিরাজ শহরের শিয়া সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনায় সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে মৃত্যুদণ্ড এবং আরও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির বিপ্লবী আদালত। রবিবার (গতকাল) ইরানের বিচার বিভাগ এই তথ্য নিশ্চিত করে।

বিচার বিভাগ জানায়, ২০২২ সালের অক্টোবর ও ২০২৩ সালের আগস্টে ফার্স প্রদেশের রাজধানী শিরাজে অবস্থিত শাহ চেরাগ মাজারে দুটি ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। এসব হামলায় মোট ১৫ জন নিহত হয়। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে।

ফার্স প্রদেশের প্রধান বিচারপতি সদরোল্লাহ রাজাই-নাসাব বলেন, “শিরাজ বিপ্লবী আদালত তিনজন অভিযুক্তকে ‘পৃথিবীতে দুর্নীতি ছড়ানো’ এবং ‘সর্বশক্তিমান আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা (মোহারাবেহ)’-এর অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে।”

তিনি আরও জানান, একই মামলায় আইএসের আরও দুই সহযোগীকে হামলায় সহায়তার অভিযোগে যথাক্রমে ১৫ বছর এবং ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া, হামলার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া দুই নারীকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ‘ইসলামী নমনীয়তা’র আওতায় তারা তাদের বাড়ির এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থেকেই এই শাস্তি ভোগ করবে।

রাজাই-নাসাব জানান, মামলার আরও কিছু অংশ এখনো তদন্তাধীন রয়েছে, বিশেষ করে অস্ত্র পাচার সংক্রান্ত অভিযোগগুলো। পাশাপাশি কিছু সাজা ইরানের সর্বোচ্চ আদালতে আপিল করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই মাসে শাহ চেরাগ মাজারে প্রথম হামলার ঘটনায় জড়িত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড জনসমক্ষে কার্যকর করা হয়। দ্বিতীয় হামলার পর ২০২৩ সালের আগস্টে নিরাপত্তা বাহিনী নয়জনকে গ্রেপ্তার করে, যাদের সবাই বিদেশি। পরে সেপ্টেম্বর মাসে তাদের মধ্যে একজন তাজিক নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়।