ঈদুল ফিতরে এক কোটি পরিবার পাবে ১০ কেজি করে চাল বিনামূল্যে

অনলাইন ডেস্ক:

ঈদুল ফিতর উপলক্ষে দেশের এক কোটি পরিবারকে ১০ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি গতকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, “ঈদের সময় এক কোটি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হবে। এর মাধ্যমে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে সহায়তা হবে।” এই কার্যক্রমের মূল তদারকি করবেন জেলা প্রশাসকরা, তবে বিতরণের কাজ স্থানীয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলি করবে।

এছাড়া তিনি জানান, মার্চ ও এপ্রিল মাসে প্রায় সাত লাখ টন খাদ্যশস্য বিতরণ করা হবে, যার মধ্যে তিন লাখ টন চাল খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণ করা হবে। তিনি আরও বলেন, “টিসিবির মাধ্যমে ৫০ লাখ পরিবার প্রতি কেজি ১৫ টাকায় ৩০ কেজি চাল পাবেন এবং ওএমএসের মাধ্যমে আরও এক লাখ টন চাল বিতরণ করা হবে।”

খাদ্য উপদেষ্টা আরও বলেন, “রোজায় সুলভ মূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যাতে দেশের মানুষ সহজে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেতে পারে।” এ সময়, ঢাকা ও চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটরা মাঠে থেকে তদারকি করবেন।

এক প্রশ্নের উত্তরে আলী ইমাম মজুমদার বলেন, “প্রশাসন যেভাবে নির্দেশনা পাবে, সেভাবে তারা কাজ করবে। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচনে প্রশাসন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে।”

ভূমি সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা জানান, আগামী ১০ মার্চের মধ্যে ৮০ শতাংশ ই-নামজারি সম্পন্ন হবে এবং জমির মিউটিশনের কাজ ডিজিটালাইজ করা হচ্ছে। তিনি বলেন, “ভূমি নিয়ে মানুষের হয়রানি বন্ধ করতে সকল প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”