রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: বহিষ্কৃত বিএনপি নেতা ‘শুটার লেলিন’ চট্টগ্রামে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

রাজধানীর মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার অন্যতম প্রধান আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে ‘শুটার লেলিন’কে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আগেই তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।

সোমবার (১৯ অক্টোবর) সকালে চট্টগ্রামের মিরসরাই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর জোনাল টিম। দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।

ডিবি সূত্রে জানা যায়, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় শাহ আলী থানায় দায়ের হওয়া মামলার (মামলা নম্বর: ১৯) এজাহারভুক্ত শীর্ষ আসামি এই লেলিন। তার বিরুদ্ধে মিরপুর ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, দখলবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাস সৃষ্টির একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তিনি শাহ আলী থানার সেকশন-১, ব্লক-বি এলাকার মৃত আবুল হোসেন ও জোসনা বেগমের ছেলে।

পুলিশ জানিয়েছে, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের বড় অংশই স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব চালানোর ঘটনায় সরাসরি জড়িত অন্তত ৪০ জনের একটি সুনির্দিষ্ট তালিকা প্রস্তুত করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে ডিবির অভিযান চলমান রয়েছে।