উপাচার্যের অপসারণ দাবিতে ববি’তে অনির্দিষ্টকালের ‘একাডেমিক শাটডাউন’ ঘোষণা

জেলা প্রতিনিধি :

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘একাডেমিক শাটডাউন’ ঘোষণা করেছে শিক্ষার্থীরা। রবিবার (১১ মে) রাতে মশাল মিছিল শেষে তারা এই কর্মসূচির ঘোষণা দেয়।

শাটডাউনের অংশ হিসেবে আজ সোমবার (১২ মে) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে পূর্বনির্ধারিত সেমিস্টার পরীক্ষা ও জরুরি সেবা কার্যক্রম চলমান থাকবে। বিষয়টি জানিয়ে প্রতিটি বিভাগের শিক্ষকদের কাছে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছেন তারা।

বাংলা বিভাগের প্রধান অধ্যাপক উন্মেষ রায় বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে চিঠি পেয়েছি। আমরা আগেই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি। একজন ভিসিকে শিক্ষক-শিক্ষার্থীরা গ্রহণ না করলে তাকে পদে রাখা অনুচিত।”

শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্যের অবহেলার কারণে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বিনা চিকিৎসায় মারা যান। এছাড়া, ছাত্রলীগ পুনর্বাসনের প্রচেষ্টা, ফ্যাসিবাদী আচরণ, ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ নানা ইস্যুতে তারা ক্ষুব্ধ।

আন্দোলনকারীদের বক্তব্য, “উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভিসির কোনো ভূমিকা নেই, অথচ তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করতে দ্বিধা করেননি।”

রবিবার রাতে মশাল মিছিলে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী অংশ নেন। পরে তারা ঘোষণা দেন, উপাচার্য ড. শুচিতা শরমিনকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না এবং পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।