নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা একই দিনে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকালে নেওয়া হবে।” তবে পরীক্ষাগুলোর নতুন তারিখ এখনো নির্ধারণ হয়নি। শিগগিরই তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
পরীক্ষা স্থগিত হওয়ার কারণে শিক্ষার্থীদের যেন ক্ষতি না হয়, সে বিষয়টি মাথায় রেখেই সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রুটিন অনুযায়ী, ২২ জুলাই রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।
অন্যদিকে, ২৪ জুলাই ছিল অর্থনীতি প্রথম পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে পরদিনের (২২ জুলাই) পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করে শিক্ষা বোর্ড। পরে ২৪ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করা হয়।










