নিজস্ব প্রতিবেদক:
দেশের জনগণকে পিরামিড বা পঞ্জি স্কিমভিত্তিক মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতে কিছু প্রতিষ্ঠান বিধিবহির্ভূতভাবে গ্রাহকের আমানত বা বিনিয়োগ সংগ্রহ করে, রেফারেলের ভিত্তিতে কমিশন প্রদান এবং অস্বাভাবিক ও অযৌক্তিক হারে উচ্চ মুনাফা দেওয়ার নামে প্রতারণা চালিয়েছে। যুবক, ডেসটিনি, ইভ্যালির মতো প্রতিষ্ঠান এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের নজির তৈরি করেছে।
এ ধরনের প্রতারণামূলক ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো নতুন বিনিয়োগকারীদের অর্থ দিয়ে পুরনো বিনিয়োগকারীদের তথাকথিত মুনাফা প্রদান। এতে সাধারণ গ্রাহকরা উচ্চ মুনাফার লোভে প্রতারিত হন এবং শেষ পর্যন্ত তাদের বিনিয়োগ হারানোর ঝুঁকি থাকে।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, এই ধরনের প্রতারণা মানি লন্ডারিংয়ের আওতাভুক্ত অপরাধ। অতীতে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাম্প্রতিক সময়েও এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড তদন্তের আওতায় আনা হয়েছে।
এমতাবস্থায়, জনগণের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ ব্যাংক সাধারণ জনগণকে এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন না করার পরামর্শ দিয়েছে এবং বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।










