কড়াইল ও ভাসানটেক বস্তি হবে মডেল, উপকূলে বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলার
অনলাইন ডেস্ক:
ঢাকার কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্বব্যাংকের সহায়তায় এ দুটি বস্তিতে নাগরিক সুবিধা নিশ্চিত করতে পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে।
সোমবার সকালে সচিবালয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান। তিনি বলেন, আগামী প্রায় দুই বছরের মধ্যে বস্তিবাসীদের নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ প্রকল্প নেওয়া হচ্ছে।
বৈঠকে উপকূলবাসীর জীবনযাত্রা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ২০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। এ অর্থ উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি কমাতে ব্যয় করা হবে।
বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে। বৈঠকে উপকূলীয় উন্নয়ন ছাড়াও ঢাকার ওপর জনসংখ্যার চাপ, পানি সরবরাহ, স্যানিটেশন, পল্লী উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় সরকার খাতের চলমান প্রকল্প নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, ঢাকা শহরে এখন দুই থেকে তিন কোটি মানুষ বসবাস করছে বলে ধারণা করা হয়। শহরকে আরও বসবাসযোগ্য করতে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে এবং সংস্থাটি পূর্ণ সহযোগিতা দিতে সম্মত হয়েছে। নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টিকে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
প্রকল্পে কী পরিমাণ অর্থ বরাদ্দ হবে, তা এখনো চূড়ান্ত হয়নি — বিষয়টি পরিকল্পনা পর্যায়ে রয়েছে। উপকূলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রাথমিকভাবে ৫০ মিলিয়ন ডলার সহায়তার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক সবচেয়ে কম সুদে বাংলাদেশকে ঋণ দিয়ে থাকে, এ কারণে উন্নয়ন কাজে সংস্থাটিকে সবসময় প্রাধান্য দেওয়া হয়।
