কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি। রোববার (২০ অক্টোবর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি চৌরাস্তা, নয়াগাঁওয়ের তারা মিয়ার গলি ও তারা মিয়া রোড এলাকায় চারটি খানাডুলি কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব কারখানায় প্রতি ঘণ্টায় প্রায় ৩,১০০ ঘনফুট গ্যাস চুরি হচ্ছিল।

এছাড়া তিনটি আবাসিক সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে আমির হোসেনের বাড়িতে ২০টি এবং নাজির হোসেনের বাড়িতে ১৩টি ডাবল চুলা অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল। অপরদিকে বকেয়া বিল পরিশোধ না করায় আবুল হোসেনের বৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ গ্যাস সংযোগ সরঞ্জাম জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে প্রায় ১০০ ফুট জিআই পাইপ, ২০ ফুট এমএস পাইপ, ১৫ ফুট ক্যাবল ও একটি অবৈধ রেগুলেটর। তবে অবৈধ সংযোগদাতাদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, ফলে তাৎক্ষণিকভাবে দণ্ড আরোপ সম্ভব হয়নি।

তিতাস জানিয়েছে, অবৈধ সংযোগ উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে এবং জাতীয় সম্পদ চুরিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।