কাশ্মির ও পাকিস্তানে ভারতীয় হামলায় শতাধিক ‘সন্ত্রাসবাদী’ নিহত: দিল্লি

অনলাইন ডেস্ক:

ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শতাধিক ‘সন্ত্রাসবাদী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।

রবিবার (১১ মে) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর সামরিক কার্যক্রম শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেন, “পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে সফল হামলা চালানো হয়েছে, যার মধ্যে লস্কর-ই-তৈয়বার ঘাঁটিও রয়েছে।”

তিনি জানান, এই অভিযানে লস্করের একাধিক সিনিয়র সদস্য নিহত হয়েছেন এবং তারা “সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায়” ছিল।

উল্লেখ্য, লস্কর-ই-তৈয়বা সংগঠনটিকে ভারত সরকার একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে বিবেচনা করে এবং কাশ্মিরসহ ভারতের অভ্যন্তরে বহু হামলার জন্য দায়ী করে।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ জন পর্যটক হত্যাকাণ্ডের পর থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে। এরপর দুই দেশই কূটনীতিক বহিষ্কার, সীমান্ত ও আকাশপথ বন্ধের মতো পদক্ষেপ নেয়।

ভারতের ৬ মে’র ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই দেশ। চুক্তি অনুযায়ী স্থল, জল ও আকাশপথে সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখতে সম্মত হয় দিল্লি ও ইসলামাবাদ।