জেলা প্রতিনিধি :
কুষ্টিয়ায় লাইভ চলাকালে স্থানীয় দৈনিক খবরওয়ালা পত্রিকার ফটো সাংবাদিক ইমরান হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় সাংবাদিকরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন।
কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, “বিচারহীনতার সংস্কৃতি দেশে একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড, নির্যাতন, হামলা, মামলা ও হয়রানির ঘটনা ঘটাচ্ছে। সাংবাদিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা কুষ্টিয়া থেকে দেশব্যাপী দুর্বার আন্দোলন শুরু করব যদি আমাদের দাবি না মানা হয়।”
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর এবং অন্য নেতারা এই হামলার নিন্দা জানান এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া পৌরসভার ফুলতলা প্রতীতি বিদ্যালয়ের সামনে ট্রলিচাপায় স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনা নিয়ে লাইভ ভিডিও ধারণ করার সময় সন্ত্রাসীরা সাংবাদিক ইমরান হোসেনের ওপর হামলা চালায়। হামলাকারীরা তার কাছ থেকে ভিডিও ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেয়। হামলায় ইমরান হোসেন আহত হন এবং তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ বলেন, “ঘটনার পর কুষ্টিয়া মডেল থানায় এজাহার দেওয়া হয়েছে, তবে মামলার প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে।” কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, “থানায় মামলা দায়ের করা হয়েছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”











