নিজস্ব প্রতিবেদক:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগসহ ৫ দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। ব্যর্থতার দায় স্বীকার করে প্রশাসনের নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন তারা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। প্রধান ফটকসহ চারপাশে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে, ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, বুধবার দুপুর ১টার মধ্যে দাবি পূরণ না হলে কুয়েটের সব ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে, মঙ্গলবার ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী চলা এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন, যাদের অনেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের কুয়েট মেডিকেল সেন্টার ও আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।











