কেউ অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার, যেখানে অর্থের অভাবে কোনো নাগরিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন না।

 

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে এমন একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যাতে মানুষ দেশের ভেতরেই প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা পান এবং চিকিৎসার জন্য কাউকে বিদেশে যেতে না হয়। তাঁর ভাষায়, “সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে যেতে হবে না।”

 

স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল আগামী অক্টোবর মাসে একযোগে চালু করার সক্ষমতা অর্জন করবে সরকার। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা হাসপাতালকে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার কাজ চলছে। একই সঙ্গে প্রতিটি ইউনিয়নে পূর্ণাঙ্গ প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে।

 

স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে এযাবৎকালের সর্বোচ্চ বরাদ্দ দিয়ে সরকার সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার লক্ষ্য প্রকাশ করেছে। তিনি বলেন, এটি শুধু স্লোগান নয়, দেশে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ, যাতে মানুষ দেশের ভেতরেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারে।

 

তবে স্বাস্থ্য ও চিকিৎসাসেবার মান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষকসহ স্বাস্থ্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার সাফল্য সংশ্লিষ্ট সবার সম্মিলিত ভূমিকার ওপর নির্ভর করে।

 

নতুন ভবন চালুর ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা বেড়ে ১ হাজারে দাঁড়িয়েছে। হাসপাতাল-সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে এবং অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে। এর ফলে দেশের নিউরো বা স্নায়ুরোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে।

 

১৫ তলা ভবনটির নিচের তিন তলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিং এরিয়ার পাশাপাশি সার্ভিস সেকশন রয়েছে। ওপরের ১২ তলায় রোগীদের জন্য ওয়ার্ড, অত্যাধুনিক অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট রাখা হয়েছে।

 

রোগীদের নিবিড় পর্যবেক্ষণের জন্য নতুন ভবনে ৪০টি আইসিইউ শয্যা, ২৪টি পোস্ট-অপারেটিভ শয্যা এবং ১১২টি কেবিনের ব্যবস্থা রয়েছে। নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ায় হাসপাতালটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসাকেন্দ্রে পরিণত হয়েছে।

 

দেশের স্নায়ুরোগীদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যেই ২০০৬ সালে আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

শনিবারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার জন্মদিনে তাঁর পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ভবনটির উদ্বোধন করেন।

 

প্রধানমন্ত্রী আবারও বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে এমন পর্যায়ে নিতে চায় সরকার, যাতে চিকিৎসার জন্য নাগরিকদের দেশের বাইরে যেতে না হয় এবং অর্থের অভাবে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন।