ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতির মৃত্যু

অনলাইন ডেস্ক:

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া মো. কামাল সেখ (৫৫) নামে এক হাজতির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মৃত্যু হয়েছে। তাকে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়, তবে চিকিৎসক সকাল সাড়ে আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী সোহেল রানা জানান, শুক্রবার সকালে কামাল সেখ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কামাল সেখ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন (হাজতি নম্বর ৩১১৭/২৫)। তার বাড়ি ঢাকার দোহারের চরকুসাইর চর দেহভোগ এলাকায় সেখ রবিউল্লাহর ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।” তিনি আরও জানান, বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।