অনলাইন ডেস্ক:
কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল দূরে ক্যারিবিয়ান সাগরে শনিবার ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন পর্যবেক্ষণ সংস্থাগুলোর বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে।
মার্কিন সুনামি ওয়ার্নিং সিস্টেম জানায়, কিউবার উপকূলীয় অঞ্চলের কিছু কিছু জায়গায় প্রায় ১০ ফুট পর্যন্ত উঁচু ঢেউ উঠতে পারে। অন্যদিকে, হন্ডুরাস ও কেম্যান দ্বীপপুঞ্জে তিন ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাসে আঘাত হানতে পারে।
কেম্যান দ্বীপপুঞ্জ সরকার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় উপকূলের কাছাকাছি বসবাসরত বাসিন্দাদের অভ্যন্তরীণ স্থানে সরে যাওয়ার সতর্কতা জারি করেছে।
প্রাথমিক সতর্কতার পর, এক ডজনেরও বেশি দেশে সুনামির হুমকির সতর্কতা জারি করা হলেও, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরবর্তী সময়ে তিনটি বাদে সব সতর্কতা বাতিল করেছে। তবে তারা জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের পানির স্তরে ছোট পরিবর্তন ঘটতে পারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি খুব কম গভীরতায় আঘাত হানে।











