অনলাইন ডেস্ক:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার সন্ধ্যার আগ মুহূর্তে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. হারুন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ অগ্নিকা-ের সূত্রপাত ঘটেছে।
ঘটনার পর সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক জাহান এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মাদ্রাসার অধ্যক্ষ সলিমুল্লাহ জানান, মাদ্রাসার আসবাবপত্র, এতিমখানার ছাত্রদের পোশাক, প্রয়োজনীয় বইপত্র সব পুড়ে গেছে। তিনি বলেন, এখনও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।











