গাজীপুরে আজও প্রায় ২০ কারখানা ছুটি ঘোষণা, সড়ক অবরোধের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে আজও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রায় ২০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে শিল্প পুলিশ জানিয়েছে, শ্রীপুরে দুটি ও ভোগড়া বাইপাস এলাকার তিনটিসহ মোট পাঁচটি পোশাক কারখানা ছুটি দেওয়া হয়েছে। সকাল সোয়া আটটা থেকে পর্যায়ক্রমে ওইসব কারখানা ছুটি ঘোষণা করা হয় এবং এর পাশাপাশি কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
এদিকে, শ্রীপুরের আনসার রোড এলাকায় যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর নেতৃত্বে দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মহাসড়ক ও আশপাশের এলাকায় অবস্থান নিতে দেখা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গাজীপুরের বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেন্টস পোশাক কারখানার শ্রমিকেরা কারখায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করেন। পরে সোয়া আটটার দিকে তারা কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমতি ছাড়াই কারখানা থেকে বাইরে চলে আসেন। শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে মহাসড়কের পশ্চিম পাশে গোল্ডেন রিফিট গার্মেন্টসের গেটে গিয়ে জড়ো হলে ওই কারখানার শ্রমিকেরাও বাইরে বেরিয়ে আসেন।
ওই সময় শ্রমিকেরা মহাসড়কে দাঁড়ানোর চেষ্টা করেন এবং বিভিন্ন কারখানা বন্ধ করার দাবি জানালে কর্তৃপক্ষ ওই এলাকার কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। এর মধ্যে সিলকেন সুইং কারখানা, নতুন বাজার এলাকার এসরোটেক্স গার্মেন্টস লিমিটেড, এস এম নীট ওয়্যার লিমিটেড, শ্রীপুর পৌরসভা (আসপাডা) এলাকার মেঘনা গ্রুপের সাবলাইন গ্রিন ট্যাক্স, গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার চিটাগাং ডেনিম লিমিটেড ও মেঘনা গার্মেন্টস কর্তৃপক্ষ আজকের মতো কারখানা ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকেরা দলবদ্ধ হয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ী থেকে শ্রীপুরের দিকে চলে যান।
ওই সড়কের ক্রিস্টাল গার্মেন্টস, ডেমিমেক গার্মেন্টস, ডিভাইন গার্মেন্টস, হ্যামস গ্রুপের ঢাকা ফ্যাশন লিমিটেড, ভিক্টোরিয়া ইন্টিমেটস, আনসার রোড এলাকার পলমল গ্রুপের তাকওয়া ফ্যাশন, তাকওয়া পোশাক কালকান, সাসটেইনেবল ওয়েট প্রসেসিং প্লান্ট, মেঘনা ডেনিম অ্যান্ড ইউনিগ্লোরি ওয়াশিং লিমিটেডসহ প্রায় ২০টি কারখানা ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সড়ক অবরোধের বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির জানান, গত তিন সপ্তাহ ধরে এই পরিস্থিতি চলে আসছে। রাজেন্দ্রপুরের বাংলা বাজার, হোতাপাড়া, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ীসহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধের ঘটনা ঘটে চলেছে।
অন্যদিকে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, সকালে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পরই বেরিয়ে যান। পরবর্তীতে তারা শ্রীপুরের দিকে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং শ্রীপুর ও গাজীপুরের ভোগড়া এলাকায় মাত্র পাঁচটি কারখানা ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে বাঘের বাজার এলাকার একটি পোশাক কারখানার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, পাশের একটি কারখানা থেকে শ্রমিকেরা এসে তাদের কারখানার গেটের সামনে অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকেরা গেটে ধাক্কাধাক্কি শুরু করলে বাধ্য হয়ে তারা কারখানার ছুটি ঘোষণা করে শ্রমিকদের ছেড়ে দেন।
