গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪০

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সমর্থক সন্দেহে ৪০ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত চালানো অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার পর ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে শিক্ষার্থী ও বেসামরিক নাগরিকদের ওপর সহিংস হামলার ঘটনার পর দেশব্যাপী অভিযান শুরু করে সরকার। এর পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষার জন্য অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

একই রাতে গাজীপুর মহানগরীর দক্ষিণখানে আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা ও প্রতীক ভাঙচুরের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসভবনে হামলার সময় অন্তত ১৪ জন আহত হন।

আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।