গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলায় ১৬ জন গ্রেপ্তার, অভিযানে যৌথ বাহিনী

জেলা প্রতিনিধি:

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এ ঘটনায় যেসব পুলিশ সদস্য জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সদর থানার ওসিকে সাসপেন্ড করা হবে এবং যারা পদক্ষেপ নিতে বিলম্ব করছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। ফ্যাসিবাদ লালন করা কোনো পুলিশ প্রশাসনে থাকবে না।”

এ ঘটনার পর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, গত শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন।