জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান জানান, ঢাকা থেকে খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এ ঘটনায় যান চলাচল ব্যাহত হলে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়। সংশ্লিষ্টরা জানান, বেলা ১১টার মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে পারে।










