চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজার থেকে রেলগেট পর্যন্ত সড়কের উভয় পাশে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রবিবার (৩১ আগস্ট) দুপুর ২টা থেকে ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তর্গত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্ব দিকে রেলগেট পর্যন্ত সড়কের দুই পাশেই এই আদেশ বলবৎ থাকবে। সংঘর্ষ পরিস্থিতি দফায় দফায় উত্তেজনাপূর্ণ হয়ে ওঠায় জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রশাসনের জারি করা আদেশে বলা হয়েছে, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় এবং পরস্পর মারমুখি ও আক্রমণাত্মক অবস্থানে চলে যায়। এরই ধারাবাহিকতায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ প্রায় ১৮০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ছাড়া স্থানীয়দের পক্ষ থেকে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সবচেয়ে উদ্বেগজনক তথ্য হচ্ছে, রবিবার দুপুরে দুই শিক্ষার্থীকে কুপিয়ে ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতদের একজনের নাম রাজিউর রহমান রাজু, যিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রশাসন জানিয়েছে, উত্তেজনা প্রশমিত না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় অবস্থান করবে।