চবিতে নারী শিক্ষার্থী হেনস্তার জেরে ফের সংঘর্ষে সহ-উপাচার্যসহ আহত ২৫

জেলা প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের ঘটনায় ফের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনসহ অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন আসিফ ভিলা নামক বাসার সামনে এই সংঘর্ষ শুরু হয়। এখনো ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত বলে জানা গেছে।

সকাল থেকেই শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের একটি বড় অংশ একদিকে এবং স্থানীয়রা অন্যদিকে অবস্থান নেন। এসময় উভয় পক্ষই পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কিছু শিক্ষার্থী আসিফ ভিলায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং প্রশাসনের কাছে উদ্ধারের আবেদন জানান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি দল শিক্ষার্থীদের উদ্ধারে গেলে স্থানীয়রা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনও আহত হন।

ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, স্থানীয়দের হাতে রামদা এবং শিক্ষার্থীদের হাতে হকিস্টিক। উভয়পক্ষই একে অপরকে ধাওয়া করে। তবে সংঘর্ষ চলাকালীন ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে দেখা যায়নি। পরে রাতে সেনাবাহিনী এলাকায় গেলেও দুপুরের সংঘর্ষকালে তারা উপস্থিত ছিলেন না বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

বিশ্ববিদ্যালয় এলাকায় চলমান সহিংসতা ও নিরাপত্তাহীনতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বলে জানালেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে ২ নম্বর গেট ও আশপাশ এলাকায়।