চাকুরি ফিরে পাচ্ছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক:

পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহাল করা হচ্ছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত সরকারের আমলে চাকরিচ্যুত ১,৫২২ জন পুলিশ সদস্য চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করেন। এদের মধ্যে কনস্টেবল ১,০২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন।

পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে জানানো হয়, এসব আবেদন পর্যালোচনার জন্য গত বছরের আগস্ট মাসে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়, যা ইতোমধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে।

যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন, তাদের পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি, তাদের পুনর্বহাল আইনগত কারণে সম্ভব হয়নি।

এছাড়া, নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি ও অন্যান্য অপরাধে ফৌজদারি মামলায় অভিযুক্তদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হয়নি।

পুলিশ হেডকোয়ার্টার্স চাকরিচ্যুত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিতে কাজ করছে এবং ভবিষ্যতে শৃঙ্খলা পরিপন্থী আচরণ না করার আহ্বান জানিয়েছে।