নিজস্ব প্রতিবেদক:
রোববার রাত সোয়া ১০টার দিকে বিএনপির নয় সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনের বেইজিংয়ে পাঁচ দিনের সফরে রওনা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে সফররত এই প্রতিনিধিরা চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
বিএনপির প্রতিনিধিদলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এই সফরের মাধ্যমে দুই দেশের পুরোনো বন্ধুত্ব আরও দৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতাও বৃদ্ধি পাবে।
প্রতিনিধিদল আগামী ২৭ জুন রাতে দেশে ফেরত আসবে।











