চুক্তিভঙ্গ ও আর্থিক ক্ষতির অভিযোগে শরিফুল রাজকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

অনলাইন ডেস্ক:

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজের ব্যস্ততার মাঝেই তার বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও আর্থিক ক্ষতির অভিযোগ এনে আইনি নোটিশ পাঠিয়েছেন এক প্রযোজক। হাতে রয়েছে একগুচ্ছ সিনেমার কাজ—কোটির শুটিং শেষ, কোনোটি নিয়ে চলছে প্রস্তুতি, আবার কোনো নতুন প্রকল্পে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি; এমন সময় এই আইনি জটিলতায় পড়েছেন অভিনেতা।

‘ঠিকানা’ সিনেমার প্রযোজক ও রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শাহরিন আক্তার শরিফুল রাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন এবং আর্থিক ক্ষতির অভিযোগ তুলেছেন। প্রযোজকের পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে অভিনেতাকে এই উকিল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি এবং এক্সক্লুসিভিটি-সংক্রান্ত শর্ত লঙ্ঘন করেছেন শরিফুল রাজ। এর ফলে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছেন প্রযোজক।

আইনি নোটিশ পাওয়ার পর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজকে জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, শাহরিন আক্তার সুমি প্রযোজিত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। এরপর তার প্রযোজনায় মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বিদায়’ নামের আরেকটি সিনেমা। এ ছাড়া শাকিব খানকে নিয়ে ‘নিঃস্ব’ নামের আরও একটি সিনেমা প্রযোজনার পরিকল্পনা রয়েছে তাঁর।