অনলাইন ডেস্ক:
ভারতের জ্যেষ্ঠ সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেদের বিয়ের ছবি শেয়ার করে তিনি নিজেই এই ঘোষণা দেন। নিধি রাজদান একজন হিন্দু।
সেখানে নিধি রাজদানকে ট্যাগ করে ওমর আবদুল্লাহ লেখেন, ‘গতকাল (শুক্রবার) থেকে এক নতুন যাত্রা শুরু হলো।’
প্রাক্তন স্ত্রী পায়েল নাথের সঙ্গে বিচ্ছেদের তিন মাসের মাথায় এ নিধির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আবদুল্লাহ। ১৯৯৪ সালে অবসরপ্রাপ্ত ভারতীয় সেনাসদস্য রাম নাথের মেয়ে পায়েলের সঙ্গে বিয়ে হয়েছিল তার।
দিল্লির ওবেরয় হোটেলে চাকরির সুবাদে পরিচয় ও পরে প্রণয়ে জড়িয়েছিলেন তারা। জাহির ও জামির নামে দুই ছেলে সন্তান রয়েছে এই দম্পতির।
অন্যদিকে, সাংবাদিক নিধি রাজদান তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিয়ের ছবিগুলো শেয়ার করে লিখেছেন, ‘কাজটা হয়ে গেছে, ব্রো।’
২০০৯ সাল থেকেই অবশ্য আলাদা বসবাস করছিলেন ওমর ও পায়েল। ২০১১ সালে নিজেদের পৃথক হয়ে যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী।
২০২৬ সালের ৩১ জুলাই সুপ্রিম কোর্ট তাদের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করে। উভয় পক্ষই আদালতকে জানান, তারা পারস্পরিক সম্মতিতে সম্পর্কের ইতি টেনে বিরোধপূর্ণ বিষয়গুলোর নিষ্পত্তিতে সম্মত হয়েছেন। এ ছাড়া তারা একে অপরের বিরুদ্ধে করা মামলাগুলোও তুলে নেয়ার বিষয়ে একমত হন।
৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ এবং ৪৯ বছর বয়সী নিধি রাজদান উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৫ সালে বলিউডের গীতিকার ও সাংবাদিক নীলেশ মিশরাকে বিয়ে করেছিলেন নিধি রাজদান। ২০০৭ সালে তাদের পথ বেঁকে যায়।











