ছোট দল হলেও মাঠে আছে এনসিপি, ধন্যবাদ পাওয়ার যোগ্য: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে রাজপথে পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তার পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
‘আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে যে মাঠে পাওয়া যাবে না, এটার প্রমাণ আশা করি আপনারা পেয়ে গেছেন। তবে এনসিপির ছাত্র সংগঠন ছাত্রশক্তি ছোট হলেও তারাও মাঠে আছে। এজন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে বরাবরের মতো গণভবন দখলের কথিত নকশাকাররা দেখিয়ে দিল কীভাবে জাতির দুঃসময়ে গুপ্ত থাকতে হয়, আর সুসময়ে বিপ্লবীর ভান ধরতে হয়।’
‘তবে বাংলাদেশপন্থি শক্তি তো আর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অরক্ষিত রাখতে পারে না। আর তাই সারা রাত ছাত্রদল রাজপথ পাহারা দিয়েছে। বাইক নিয়ে শহরের অলিগলিতে ঘুরেছে। আজও সারা দিন রাজপথে থাকবে ছাত্রদল। নিষিদ্ধ ছাত্রলীগ অবরোধের নামে যেখানে অগ্নিসহিংসতা করার চেষ্টা করবে, সেখানেই ছাত্রদলের নেতৃত্বে জনতার প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
