জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করল বিএনপি
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের ২০তম দিনে দ্বিতীয় পর্যায়ে অংশ নিয়েই বৈঠকের শুরুতেই ওয়াকআউট করেছে বিএনপি। সূত্র জানায়, সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ নিয়ে আলোচনার সময় এই সিদ্ধান্ত নেয় দলটি।
বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, এখন পর্যন্ত ১২টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। তবে কিছু অমীমাংসিত ইস্যু রয়েছে, যেগুলো নিয়েই বর্তমানে আলোচনা চলছে। তিনি বলেন, “কমিশনের পক্ষ থেকে প্রস্তাবনাগুলো একাধিকবার সংশোধন করা হয়েছে, যেন দলগুলো একমত হতে পারে। আমাদের লক্ষ্য একটি ঐতিহাসিক দলিল তৈরি করা, যাতে ভবিষ্যতে আর অস্থিরতা না থাকে।”
উল্লেখ্য, এর আগেও কমিশনের বৈঠকে প্রতীকী ওয়াকআউটের ঘটনা ঘটেছে। গত ২৩ জুলাই ঢাকার দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে সিপিবি, বাসদ ও জাসদ বৈঠক শুরুর সঙ্গে সঙ্গেই প্রতীকীভাবে ওয়াকআউট করে। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউটের ঘোষণা দেন, যার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জাসদের মুশতাক হোসেন ও বাসদের বজলুর রশীদ ফিরোজ।
জাতীয় ঐকমত্য কমিশনের এ ধরনের বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর অবস্থান ক্রমেই স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
