অনলাইন ডেস্ক:
জামালপুর সদর থানার হাজতে হুট্টু শেখ নামে এক আসামির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ৬ ফেব্রুয়ারি আদালত থেকে হুট্টু শেখের নামে একটি ওয়ারেন্ট আসে এবং রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
হুট্টু শেখ শহরতলীর হাটচন্দ্রা গ্রামের মৃত চেনু শেখের ছেলে। তিনি ২০২২ সালের অক্টোবর মাসে প্রতিবেশীর সঙ্গে মারামারির এক মামলায় দ্বিতীয় আসামি ছিলেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। রাত ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানিয়েছেন, হুট্টু শেখ স্ট্রোক করে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই এবং লাশ যথাযথ প্রক্রিয়া অনুযায়ী হস্তান্তর করা হবে।











