জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) পরীক্ষার মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন পড়েছে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। ৩১০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৮৬ হাজার ৭৮৮টি, ফলে প্রতি আসনের জন্য লড়ছেন ২৮০ জন শিক্ষার্থী।

অন্য ইউনিটগুলোর মধ্যে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ৪২৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭৩ হাজার ১৬৯টি। কলা ও মানবিকী অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪৩৮টি আসনের বিপরীতে ৫৩ হাজার ৪০১ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২৬টি আসনের জন্য আবেদন করেছেন ২৩ হাজার ৭৭৪ জন শিক্ষার্থী। নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগভুক্ত ‘সি১’ ইউনিটে ৬৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫ হাজার ৫০৭টি।

বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ২০০টি আসনের জন্য আবেদন জমা পড়েছে ১৫ হাজার ১৮৩টি এবং ‘আইবিএ-জেইউ’ ইউনিটে ৫০টি আসনের বিপরীতে লড়বেন ৪ হাজার ৬৮৮ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ মাফরুহী সাত্তার জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যানজটের কারণে প্রথম শিফটে পরীক্ষার্থীদের জন্য ৩০ মিনিট পর্যন্ত কক্ষে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল।