জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে এবং হামলাকারী ছাত্রলীগ কর্মীদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বুধবার (৫ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করে সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় হামলার শিকার হওয়া শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ নেননি, বরং আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের ক্যাম্পাস ছাড়া করা হয়েছে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, “এটি গণ-অভ্যুত্থানের প্রোডাক্ট প্রশাসন। হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। হামলাকারী সন্ত্রাসীরা এখনো পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে।”

তিনি আরও বলেন, “গত জুলাইয়ের আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগের সন্ত্রাসী শামীম মোল্লার পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে, কিন্তু তার হত্যার দায় বিপ্লবীদের উপর চাপানো হয়েছে এবং তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়েছে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, যদি হামলাকারী সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না করা হয় এবং তাদের পুনর্বাসন বন্ধ না করা হয়, তবে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্য নাহিদ হাসান ইমন এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব জিয়াউদ্দিন আয়ানও প্রশাসনের বিরুদ্ধে কঠোর বক্তব্য রাখেন এবং স্পষ্টভাবে জানান যে, সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও আন্দোলন করা হবে।