জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

সর্বোচ্চ আদালতের রায়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন। আজ, ১৫ জানুয়ারি ২০২৫, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আদালত রায়ে উল্লেখ করেছেন, “এটি প্রতিহিংসার বশবর্তী হয়ে করা মামলা।” আদালত আরও বলেন, মামলাটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছিল, যা খালেদা জিয়াসহ মামলার সব আসামির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর ফলে তারেক রহমানসহ পলাতক আসামিরাও এই মামলায় খালাস পেয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এই মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন, যা পরে হাইকোর্ট ১০ বছরে উন্নীত করে। তবে আপিল বিভাগের আজকের রায়ে সেই সাজা বাতিল করা হয়েছে।