জুলাই সনদের খসড়া নিয়ে এখনো পুরোপুরি ঐক্যমত হয়নি: নাহিদ
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক প্ল্যাটফর্ম (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই সনদের খসড়া নিয়ে এখনো পুরোপুরি ঐক্যমত হয়নি। বিশেষ করে প্রস্তাবিত উচ্চকক্ষের গঠন নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।
সোমবার সকালে জামালপুর জেলা পরিষদের ডাক বাংলোর মিলনায়তনে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদের মধ্যে থাকতে হবে। বেশিরভাগ বিষয়ে ঐক্যমত হয়েছে। তবে উচ্চকক্ষ নিয়ে জটিলতা রয়েছে। বিএনপিসহ একাধিক দল এই প্রস্তাব দিয়েছিল, তবে আমরা বলেছি, উচ্চকক্ষ হতে হবে পিআর — অর্থাৎ প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী ভোটের অনুপাতে। আসনভিত্তিক হলে সেটা জনগণের প্রতিনিধিত্ব নাও হতে পারে।”
তিনি আরও বলেন, “উচ্চকক্ষ ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার জন্য গুরুত্বপূর্ণ। এখনো ঐক্যমত না আসায় জুলাই সনদ স্বাক্ষর হবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। আমরা বলেছি, ঐক্যমত ছাড়া এই সনদ বিবেচনায় নেওয়া যাবে না। তবে আমাদের প্রত্যাশা, ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করে সর্বদলীয় ঐকমত্যে ঘোষণা করা হোক।”
এসময় প্রশাসন ও পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতেই হবে। কিন্তু প্রশাসন এখনো নিরপেক্ষ আচরণ করছে না।”
সাক্ষাৎকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর রহমান শুভ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
