জুলাই সনদ সহজতর করতে রাজনৈতিক দলগুলো পরস্পরকে ছাড় দিন: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন, পরস্পরের প্রতি কিছু ছাড় দিয়ে জুলাই মাসে সনদ স্বাক্ষর প্রক্রিয়া সহজতর করার উদ্যোগ নেওয়া হোক।

রোববার (২২ জুন) সকাল ১১:২০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া দ্বিতীয় পর্যায়ের বৈঠকে তিনি বলেন, “এই আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলো একে অপরের কাছে আসার সুযোগ পেয়েছে। তাই আপনাদের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে কিছু ছাড় দেওয়ার প্রস্তুতি নিতে হবে।”

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “গত কয়েকদিনের আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও মীমাংসিত হয়নি, যেমন সংসদের উচ্চকক্ষ গঠন, নারীদের প্রতিনিধিত্ব ও জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন। এসব নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের নীতিনির্ধারকদের সঙ্গে আলাপ-আলোচনা করতে চায়।”

তিনি আরও বলেন, “আজকের আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধানের মূল বিষয় এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা করা হবে।”

আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোকে স্মরণ করিয়ে দেন, “ষোলো বছরের সংঘাত, হাজার হাজার মানুষের আত্মদান, বহু গুম এবং এখনও নিখোঁজ থাকা মানুষদের কথা ভাবতে হবে। তাদের কারণেই আমরা আজ এখানে এসেছি। তাই একে অপরকে কিছুটা ছাড় দিয়ে সমঝোতার পথ নিতে হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের অন্যান্য সদস্যগণ, যাদের মধ্যে রয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।