অনলাইন ডেস্ক:
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে ঘটা হঠাৎ এক আকস্মিক বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। আজ ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই পরিবারের তিন সদস্যের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। তাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। গ্যাস সংযোগের কোনো ত্রুটি থেকে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।











