অনলাইন ডেস্ক:
টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ তিনজনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তারা সবাই ভাটারা থানায় বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত। গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।
আদালত কর্তৃক রিমান্ডে পাঠানো অপর দুই আসামি হলেন আওয়ামী লীগ নেতা সাদেক ঢালী ওরফে সালাউদ্দিন সাদেক ঢালী এবং বি-বাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু মুসা আনসারী।
মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপ-পরিদর্শক মো. ফরহাদ কালাম সুজন ৭ দিনের রিমান্ড আবেদন করেন, তবে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শেষে আদালত জামিন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার রাত সাড়ে ১১টা থেকে দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের আদালতে হাজির করা হয় এবং রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, ৫ আগস্ট রাজধানীর ভাটারা থানাধীন বারিধারা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন মিঠুন ফকির। ওই সময় আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন এবং কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা শেষে ১১ আগস্ট বাসায় ফিরেন। পরে ১৯ ডিসেম্বর মিঠুন ফকির ভাটারা থানায় মামলা করেন, যাতে ৮৮ জনকে এজাহারনামীয় এবং ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।
ছানোয়ার হোসেন ২০১৪ সালে টাঙ্গাইল-৫ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় জয়ী হন।











