টিকটকার মামুনের বিরুদ্ধে লায়লা হত্যাচেষ্টা মামলার বিচার শুরু

অনলাইন ডেস্ক:

ঢাকার ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফরহাদকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল।

গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত মামুনের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। মামুন আদালতে হাজির হয়ে তার পক্ষে আইনজীবী অব্যাহতির আবেদন করলে, বাদীপক্ষের আইনজীবী অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। আদালত পরে মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের ১২ ডিসেম্বর লায়লা আখতার ফরহাদ ক্যান্টনমেন্ট থানায় মামুনের বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে মামুনের সঙ্গে পরিচয় হয় লায়লার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং দুই পরিবারের সম্মতিতে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়।

তবে, সম্পর্কের মধ্যে কিছু সময় পরে মামুন লায়লার কাছ থেকে টাকা নেওয়া শুরু করেন এবং মাদক সেবন করে গভীর রাতে তার বাসায় প্রবেশ করতেন। বিভিন্ন অশ্লীল ভাষায় কথা বলতেন এবং মাঝে মাঝে শারীরিকভাবে মারধর করতেন। ১১ ডিসেম্বর, ২০২৩ এ একটি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পর, মদ খাওয়ার জন্য মিরপুর যাওয়ার পর লায়লা তাকে বাধা দেন, এতে উত্তেজিত হয়ে মামুন লায়লাকে মারধর করেন এবং হত্যাচেষ্টা করেন।

পরে, ৩১ জানুয়ারি মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় ক্যান্টনমেন্ট থানা পুলিশ। ৩ জুন অভিযোগপত্র গ্রহণ করা হয় এবং ৪ জুন মামুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।