অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউএসএআইডি (United States Agency for International Development) এর ৯৭ শতাংশ কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করেছে। এই পরিকল্পনায় প্রায় ১০,০০০ কর্মীর মধ্যে মাত্র ২৯৪ জনকে চাকরিতে বহাল রাখার কথা বলা হয়েছে, যা আফ্রিকা এবং এশিয়ার কিছু অফিসে সীমাবদ্ধ। বৃহস্পতিবার এই তথ্য জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক চারজন কর্মকর্তা।
এদের মধ্যে আফ্রিকা অঞ্চলের কার্যালয়ে ১২ জন এবং এশিয়া অঞ্চলের কার্যালয়ে ৮ জন কর্মী চাকরিতে বহাল থাকবেন। বাকি কর্মীদের ছাঁটাই করা হবে। এই পদক্ষেপ ইউএসএআইডির কর্মীদের বিরুদ্ধে চলমান কঠোর সমালোচনার পরপরই গ্রহণ করা হয়েছে, যেখানে ইলন মাস্কসহ ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্ররা একে অপরাধী আখ্যা দিয়ে কার্যক্রম বন্ধের পক্ষে মত দিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একের পর এক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ইউএসএআইডির কর্মীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো, শয়ে শয়ে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করা এবং বিশ্বব্যাপী জনহিতকর কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করা অন্তর্ভুক্ত রয়েছে। এসব পদক্ষেপের পর প্রশাসন এবার গণছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
এই পদক্ষেপের সমালোচনা করেছেন ইউএসএআইডির সাবেক প্রধান ব্রায়ান অ্যাটউড। তিনি ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং বলেছেন, “বিশ্বের লাখ লাখ মানুষের জীবন বাঁচানোর জন্য নিবেদিত একটি সংস্থা যখন ব্যাপক ছাঁটাই করবে, তা কার্যত সংস্থাটিকে মেরে ফেলবে। এতে অনেক মানুষ হয়ত প্রাণ হারাবে। পুরো পরিকল্পনাটাই অত্যন্ত জঘন্য।”
এই বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেও রয়টার্স কোনো প্রতিক্রিয়া পায়নি।











