নিজস্ব প্রতিবেদক:
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়ে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান নির্বাচনের সুষ্ঠু প্রস্তুতি ও ব্যালট ছাপার প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
উপাচার্য জানান, নীলক্ষেতে ২২ রিম কাগজ ব্যবহার করে মোট ৮৮ হাজার ব্যালট ছাপানো হয়েছিল, যার মধ্যে ৮৬ হাজার ২৪৩টি ব্যালট নিরাপদে প্যাকেটে ভরে সরবরাহ করা হয় এবং বাকি ব্যালট ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, ব্যালট ছাপানোর স্থান ভোটের ফলাফলে কোনো প্রভাব ফেলে না এবং পুরো প্রক্রিয়াটি কঠোর নিরাপত্তা মান বজায় রেখে পরিচালিত হয়েছে।
ড. নিয়াজ আহমদ খান আরও জানান, মোট ২ লাখ ৩৯ হাজার ২৪৪টি ব্যালট তৈরি করা হয়েছিল, ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন এবং ভোট দিয়েছেন ২৯ হাজার ৮২১ জন। প্রয়োজনে প্রার্থীরা সিসিটিভি ফুটেজ এবং ভোটার স্বাক্ষরিত তালিকা দেখতে পারবেন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে।
উপাচার্য বলেন, সকল ধরণের অভিযোগ থাকা সত্ত্বেও নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বজায় আছে এবং অভিজ্ঞ প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।











