নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৫৫টি মামলা করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ধারালো অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। তেজগাঁও বিভাগে ৭৯ জন, মতিঝিলে ৬৩, ওয়ারীতে ৫৭, রমনায় ৫২, উত্তরা বিভাগে ৪৫, লালবাগে ৪৩ এবং গুলশানে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৫০০ গ্রাম গানপাউডার, ৫০০ গ্রাম ঝুট কাপড়, ২৫০ গ্রাম পেট্রোল, বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, সাতটি টিনের টুকরা, ১০ টুকরা স্কচটেপ, ১০৪টি পেরেক এবং একটি বিস্ফোরিত ককটেলের টিনের অংশবিশেষ উদ্ধার করা হয়।
মাদকবিরোধী অভিযানে ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিএমপি।
এ ছাড়া একটি প্রাইভেটকার, তিনটি চাকু, একটি চাপাতি, একটি ছোট কাচি ও একটি কাটার জব্দ করা হয়েছে। ফয়েল পেপার, গ্যাস লাইট, একটি নাইলনের রশি এবং ১৪টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
অভিযানে মাদক তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি ইয়াবা তৈরির মেশিন, ২ হাজার ৬০০ গ্রাম বিভিন্ন ধরনের কেমিক্যাল, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল এবং ইয়াবা তৈরিতে ব্যবহৃত মিশ্রিত উপাদান ১ হাজার ৫০০ গ্রাম।
এ সময় দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অপরাধবিরোধী ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।











