ছয় বছর পর পর্দায় ফিরছেন জন-নোরা জুটি
অনলাইন ডেস্ক:
প্রায় ছয় বছর দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম ও নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফাতেহি। গুঞ্জন রয়েছে, বহুল আলোচিত ‘ফোর্স ৩’ সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই সিনেমাটির একটি বিশেষ গানে পারফর্ম করবেন নোরা।
এর আগে ‘সাকি সাকি’ এবং ‘কুসু কুসু’র মতো সুপারহিট সব গানে এই জুটির অনবদ্য পারফরম্যান্স দর্শকদের মাঝে দারুণ উন্মাদনা তৈরি করেছিল। তাদের সেই রসায়ন আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। ফলে ‘ফোর্স ৩’ সিনেমায় তাদের এই প্রত্যাবর্তনের খবর শুনে এখন থেকেই নতুন ওই জাদুকরী গানের অপেক্ষায় দিন গুনছেন অগুনতি অনুরাগীরা।
সিনেমার সংশ্লিষ্ট এক সূত্র দাবি করেছে, নোরা ফাতেহির এই বিশেষ গানটির পরিকল্পনা করা হয়েছে বেশ বড় ও জাঁকজমকপূর্ণ পরিসরে। ছবির অ্যাকশননির্ভর টানটান গল্প এবং সাধারণ দর্শকদের ভরপুর বিনোদনের কথা মাথায় রেখেই সাজানো হবে এই মিউজিক্যাল সিকোয়েন্সটি।
সূত্রটি আরও জানিয়েছে, ‘নোরাকে একটি স্পেশ্যাল ডান্স নম্বরের জন্য নেওয়া হয়েছে। এই সিকোয়েন্স যেমন হবে জমকালো এবং দর্শক মাতানো তেমনই হবে এক মিউজিক্যাল স্পেকট্যাকল।’
এদিকে ‘ফোর্স ৩’ সিনেমায় জন আব্রাহামের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হর্ষবর্ধন রানেও। এই দুই তারকার মধ্যকার রোমাঞ্চকর ফেসঅফ বা মুখোমুখি লড়াই হতে চলেছে এই সিনেমার অন্যতম বড় একটি ইউএসপি। ইতোমধ্যে সিনেমাটির শুটিংয়ের কাজও শুরু হয়ে গেছে বলে জানা গেছে।
