ঢাকায় ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ জড়িত: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক:

দুইদিন ধরে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে রাজধানী ঢাকায়। হঠাৎ এমন ভীতিজনক কর্মকাণ্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন।

 

রোববার সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। পুলিশের এ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রায়হান নামে বংশাল ইউনিট আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ।

 

তিনি জানান, গ্রেপ্তার রায়হানের বাসা থেকে অবিস্ফোরিত আরও চারটি ককটেল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততার কথাও জানিয়েছেন ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন।