অনলাইন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা গতকাল শনিবার বিজ্ঞান ইউনিটের পরীক্ষা দিয়ে শেষ হয়েছে। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হলো।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন এবং কার্জন হল কেন্দ্র পরিদর্শন করেন।
বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৭৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে না। তবে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যতে তারা প্রস্তুতি নিয়ে অন্য পরীক্ষায় ভালো করবে।
বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ৮৯৬টি আসনের জন্য ১ লাখ ৪৬ হাজার ৮১১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞান শাখার জন্য ১ লাখ ৩৮ হাজার ৮৪৮ জন, মানবিক শাখা থেকে ৭ হাজার ৯০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৮৭৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এই ইউনিটে ১ হাজার ৮২০টি আসন বিজ্ঞান শাখার জন্য, ৫১টি আসন মানবিক শাখার জন্য এবং ২৫টি আসন ব্যবসায় শিক্ষা শাখার জন্য বরাদ্দ রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল ৩ জানুয়ারি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে, পরে ৪ জানুয়ারি চারুকলা ইউনিট, ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।










