ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার তদন্ত প্রতিবেদন উপাচার্যের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি।

সোমবার সকালে কলা অনুষদের ডিন এবং তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, কমিটির সদস্য-সচিব সহকারী প্রক্টর শারমীন কবীরসহ সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী এ রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১৩ মে রাতের দিকে দুর্বৃত্তদের আক্রমণে নিহত হন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন, যার আহ্বায়ক ছিলেন কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

পরে ব্যারিস্টার নুরুল আজিমকে কমিটিতে কো-অপট করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন:

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান

হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার
কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী প্রক্টর শারমীন কবীর এবং ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) সাচিবিক দায়িত্বে ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা, এ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সাম্য হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্ভব হবে।