অনলাইন ডেস্ক:
বছরের শেষ দিকে মুক্তি পাওয়া নাটক ‘মুক্তি’ তে অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। রাইসা চরিত্রে তার অভিনয় মন কেড়েছে দর্শকদের। নাটকটির গল্প গড়ে উঠেছে একজন নারীর জীবনের চ্যালেঞ্জ এবং সমাজের ভুল বোঝাবুঝি নিয়ে।
রাইসা বিয়ের পর খুব সুন্দরভাবে সংসার ও চাকরি সামলাচ্ছিলেন। স্বামী রাকিবের সঙ্গে তার সম্পর্কও ছিল মধুর। তবে সংসারে দুই জা মাঝে মাঝে খোঁচা দিয়ে কথা বললেও রাইসা তা এড়িয়ে যেতেন।
বিপত্তি ঘটে রাইসার সাবেক প্রেমিককে কেন্দ্র করে। সে সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়া ভিডিও প্রকাশ করে রাইসাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। মুহূর্তেই রাইসার জীবনের শান্তি ও ভারসাম্য ভেঙে পড়ে। স্বামী, পরিবার এবং সমাজের সবাই তাকে ভুল বোঝে এবং তাকে একা করে দেয়। ভিডিওটি ভুয়া এবং সে ব্ল্যাকমেইলের শিকার—এটি বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয় রাইসা।
নাটকটির প্রযোজনা করেছেন জামাল হোসেন, এবং গল্প ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। রাইসার চরিত্রে তাসনিয়া ফারিণের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। তার বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার।
‘মুক্তি’ রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে। নাটকের কমেন্ট বক্সে দর্শকরা রাইসার সংগ্রাম এবং তাসনিয়া ফারিণের অভিনয়ের প্রশংসা করেছেন।
নাটকের মাধ্যমে সমাজে ব্ল্যাকমেইলিংয়ের ভয়াবহতা এবং নারীদের প্রতি ভুল ধারণা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। বছরের শেষ সময়ে এই নাটকটি তাসনিয়া ফারিণের ক্যারিয়ারে নতুন একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।











